ফরিদপুর সংবাদদাতা; জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ম একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৯ মে ২০২০) দুপুর সাড়ে ১২টার দিকে ৮০ বছর বয়সী এক বৃদ্ধ মারা যাবার খবর পাওয়া গেছে।

জানা গেছে, নিহত ঐ বৃদ্ধ জেলার বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের একটি গ্রামে। তিনি একজন মুক্তিযোদ্ধা। ওই বৃদ্ধ দম্পতি সম্প্রতি চিকিৎসক দেখাতে ঢাকার কচুক্ষেতে ছেলের বাসায় গিয়েছিলেন। গত শনিবার তারা গ্রামে ফিরে আসেন। রোববার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।

উপজেলার চতুল ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান শরীফ মো: সেলিমুজ্জামান বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১৮টার দিকে মারা গেছেন কোভিড-১৯ রোগে আক্রান্ত ৮০ বছর বয়সী ওই বৃদ্ধ। বিকেলে ওই বৃদ্ধের লাশ বাড়ির পাশে একটি বাগানে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে।

ফরিদপুর জেলা পুলিশ সুপার মো: আলিমুজ্জামান বলেন, বৃদ্ধ ওই মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, ফরিদপুরে এ পর্যন্ত ৬১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে বোয়ালমারীতে ২১ জন, নগরকান্দায় ১৩ জন, ফরিদপুর সদরে ১০ জন, সদরপুর ও আলফাডাঙ্গায় চারজন করে, চরভদ্রাসন ও ভাঙ্গায় তিনজন করে, মধুখালীতে দুইজন এবং সালথায় একজন।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৯ মে ২০২০)  তথ্য অনুযায়ী,  দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও নয় হাজার ৯১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আট হাজার ৪৪৯টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৯৩ হাজার ৬৪৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ২৫১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১২১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২১ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৭০ জনে। সুস্থ হয়েছেন ৪০৮ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ৯৯৩ জন। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, এদের মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের চারজন, ময়মনসিংহ বিভাগে একজন, খুলনা বিভাগে একজন ও বরিশাল বিভাগে একজন। তাদের বয়স বিশ্লেষণে ১১-২০ বছরের মধ্যে একজন, ২১-৩০ দুইজন, ৩১-৪০ বছরের মধ্যে দুইজন, ৪১-৫০ পাঁচজন, ৫১-৬০ পাঁচজন, ৬১-৭০ বছরের মধ্যে চারজন এবং ৭১-৮০ বছরের মধ্যে দুইজন। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৩২৬ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৯৩ জনকে।

আমাদের বাণী ডট কম/১৯ মে ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।