বগুড়া সংবাদদাতা; জেলায় একদিনে রেকর্ড ১৮৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার এ নিয়ে জেলায় মোট ১ হাজার ৭০২ জন এ ভাইরাসে আক্রান্ত হলেন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন আজ বুধবার বেলা ১১টায় নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান।
ব্রিফিংয়ে জানানো হয়, সরকারি ও বেসরকারি পিসিআর ল্যাবে মঙ্গলবার ২৬৯টি নমুনার পরীক্ষা হয়েছে। তার মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ৫৪ জনের পজিটিভ এসেছে। আর বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বগুড়ার ৮১টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ২৬টি। এ ছাড়া গত ৪, ৫ ও ৬ জুনের ঢাকায় পাঠানো নমুনার ফলাফলও গতকাল পাওয়া যায়। সেখান থেকে ১০৬ জনের করোনা পজিটিভ এসেছে।
ডা. মোস্তাফিজুর রহমান জানান, ঢাকা থেকে আসা ১০৬ জনের উপজেলাওয়ারী তথ্য তাৎক্ষণিক জানা যায়নি। তবে শজিমেক ও টিএমএসএস এর ফলাফলে পজিটিভ ৮০ জনের মধ্যে সদর উপজেলার ৭০ জন। সদরের উল্লেখযোগ্য এলাকার মধ্যে রয়েছে নারুলী ও ঠনঠনিয়া। এ ছাড়া অন্যান্য উপজেলার মধ্যে শাজাহানপুরে পাঁচজন, শিবগঞ্জে তিনজন, গাবতলী ও শেরপুরে একজন করে মোট দুজন রয়েছেন।
বগুড়ায় গত ১ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তারপর থেকে ১৬ জুন পর্যন্ত গত ৭৭ দিনে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭০২ জন।
এ পর্যন্ত জেলায় ১২ হাজার ৪৭৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ফলাফল এসেছে ৯ হাজার ৫৯৯ জনের। ডা. মোস্তাফিজুর রহমান আরও জানান, জেলায় নতুন সুস্থ হয়েছেন ৫৮ জন। জেলায় মোট সুস্থতার সংখ্যা ১৫৩ জনে দাঁড়িয়েছে।
এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৭ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৩০৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৮ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৪৮৯ জনে। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ৯২২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৫২৭টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৫১ হাজার ২৪৪ টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও চার হাজার আটজনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৪৮৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৩০৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯২৫ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩৮ হাজার ১৮৯ জন।
আমাদের বাণী ডট কম/১৭ জুন ২০২০/পিপিএম
