ডেস্ক রিপোর্ট, ঢাকা;  জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসবে আগামী বুধবার (১০ জুন)। এর পরদিন (১১ জুন) ২০২০-২০২১ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। এই কারণে চলতি অধিবেশনের আগেই সংসদের সব সদস্যদের করোনা টেস্ট করানোর উদ্যোগ নেয়া হয়েছে।

  • সংসদ সচিবালয়ের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

তাদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, আগামি ৩০ জুন এবারের বাজেট পাশ হবে। করোনাভাইরাসের কারণে এবারের বাজেট অধিবেশন হবে সংক্ষিপ্ত। এছাড়া সংসদ সদস্যদের উপস্থিতির বিষয়ে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানা হবে। এই কারণে অধিবেশন বসার আগেই সংসদ সদস্যদের শরীরে করোনাভাইরাসের অস্থিত্ব রয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য পরীক্ষা করা হবে।

  • তিনি আরও জানিয়েছেন, বাজেট অধিবেশনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায় রয়েছে। এবারের অধিবেশনে বয়স্ক ও অসুস্থ সংসদ সদস্যদের যোগদানের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে। এবার বাজেটের ওপর আলোচনা ছাড়া অন্য কোনো কার্যক্রম থাকছে না। অধিবেশনে প্রতিদিন সংসদ সদস্যদের উপস্থিতি ৬০ থেকে ৭০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হতে পারে।

একটি সূত্র জানায়, ৮ থেকে ১০ কার্যদিবসে বাজেট অধিবেশন শেষ হবে। বাজেটের ওপর আলোচনাও হবে সংক্ষিপ্ত। সম্পূরক বাজেটসহ সব মিলিয়ে ১০-১২ ঘণ্টা আলোচনা হতে পারে।

  • ১০ জুন অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। কমিটির প্রধান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাসহ সংশ্লিষ্টরা আলোচনা করে সংসদের কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৭ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ৮৮৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৪৩জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৫ হাজার ৭৬৯ জনে। নতুন করে সুস্থ্য হয়েছে ৫৭৮ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৩৯০৩ জন। ডা. নাসিমা সুলতানা বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১২ হাজার ৮৪২টি। নমুনা পরীক্ষা করেছি ১৩ হাজার ১৩৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৯৮৭টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৭৪৩ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৬৫ হাজার ৭৬৯ জন। শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫৭৮ জন। মোট সুস্থ হয়েছে ১৩ হাজার ৯০৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ১৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪২ জন। তাদের মধ্যে পুরুষ ৩৫ জন, নারী ৭ জন।

আমাদের বাণী ডট কম/০৭ জুন ২০২০/সিসিপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।