নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মানা ও অতিরিক্ত ভাড়া আদায় করলে বাসের রেজিস্ট্রেশন ও রুট পারমিট বাতিলের নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

  • গতকাল মঙ্গলবার (০৯ জুন ২০২০)  সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ নির্দেশনা দিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানকে চিঠি পাঠানো হয়।

সাধারণ ছুটি শেষে ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে গত ০১ জুন থেকে চালু হয় গণপরিবহন। কিন্তু বিভিন্ন রুটে বাড়তি ভাড়া নেওয়ার সঙ্গে সঙ্গে কোন কোন ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলেও অভিযোগ পাওয়া গেছে।

  • এ অবস্থায় পাঠানো চিঠিতে বলা হয়, করোনা ভাইরাস প্রাদুর্ভাবজনিত কারণে সরকার কতিপয় শর্ত সাপেক্ষে সীমিত আকারে গণপরিবহন চালু করেছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে কতিপয় গণপরিবহনে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে মর্মে প্রচার হচ্ছে।

জাতীয় এক দৈনিকে প্রকাশিত খবর উদ্ধৃত করে নির্দেশনায় বলা হয়, গণপরিবহনে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে। যা সরকারি নির্দেশনা ও ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর সুস্পষ্ট লঙ্ঘণ এবং শাস্তিযোগ্য অপরাধ।

  • এমতাবস্থায় চিঠিতে যেসব গণপরিবহন স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অতিরিক্ত ভাড়া আদায় করছে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারা/প্রচলিত বিধি-বিধান অনুযায়ী রেজিস্ট্রেশন ও রুট পারমিট বাতিল করে বিআরটিএ চেয়ারম্যানকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে জানাতে বলা হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৯  জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ৯৭৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৭১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭১ হাজার ৬৭৫জনে। নতুন করে সুস্থ্য হয়েছে ৭৭৭ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৫৩৩৬জন।গত ২৪ ঘণ্টায় ৫৫টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৬৬৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ২৫ হাজার ৫৯৫টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৩ হাজার ১৭১ জন। শনাক্তের হার ২১ দশমিক ৬২ শতাংশ।’ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭৭৭ জন। মোট সুস্থ হয়েছে ১৫ হাজার ৩৩৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪৫ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৯৭৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ ৩৩ জন, নারী ১২ জন।

আমাদের বাণী ডট কম/১০ জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।