টাঙ্গাইল সংবাদদাতা; জেলার  মির্জাপুরে লকডাউন কার্যকর করতে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। শহরে ঢোকার সব রাস্তায় পাহারার ব্যবস্থা করা হয়েছে। ওষুধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, জরুরি পরিসেবা নিতে আসা ও নিত্যপণ্য বহনের যানবাহন ছাড়া শহরে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

  • জনগণকে সচেতন করার পাশাপাশি আইন অমান্যকারীদের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাও আদায় করা হচ্ছে।

আজ  মঙ্গলবার (১৬ জুন ২০২০)  উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক ও সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় গোপনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, মাস্ক ব্যবহার না করা এবং মোটরসাইকেল চালকের লাইন্সেস না থাকার অপরাধে বিভিন্ন জনের কাছ থেকে ৫১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন তারা।

তবে জরুরি পরিসেবা গ্রহণে আসা ও নিত্যপণ্য বহনের যানবাহন মির্জাপুর বাইপাসের বংশাই রোড দিয়ে শহরে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে।

  • মির্জাপুরে করোনা ভাইরাসের সংক্রম বৃদ্ধি পাওয়ায় সোমবার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড (বাজার এলাকা) ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ১৬ জুন থেকে ২৫ জুন ১০ দিনের জন্য লকডাউন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করে উপজেলা প্রশাসন। এজন্য সোমবার বিকাল থেকে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনগণকে সচেতনও করা হয়।

মির্জাপুর উপজেলায় এ পর্যন্ত ৭৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এক নারীর মৃত্যু হয়েছে।

  • উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডকে লকডাউনের আওতায় আনা হয়েছে। লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে জনগণকে সচেতন করার পাশাপাশি নজরদারিও জোরদার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৬  জুন ২০২০) তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আরও ৫৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১২৬২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩  হাজার ৮৬২ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৪৮১ জনে।করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ৪০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ২১৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৩৩ হাজার ৭১৭টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৮৬২ জনের দেহে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৪৮১ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৫৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ২৬২ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ২৩৭ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩৬ হাজার ২৬৪ জন।

আমাদের বাণী ডট কম/১৬ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।