সূর্যের নেই দেখা
মোঃ জসিম উদ্দীন
দিনের ভেতর পাঁচ-সাতবার
হাপুস-হুপুস ডুব,
এখন তো আর দেখি না রে তা
ভয় পেয়েছিস খুব?
হিম-ঠান্ডায় শীতের জল
সূর্যের নেই দেখা,
গোসল সেরে গা-গতরখান
নয়ত যাবে ছেঁকা।
দল বেধে আর দেখি না তোদের
নতুন পুকুর পাড়ে,
গোসলের নাম নিলে বুঝি আজ
আগেই কাঁপে হাড়ে।
এরই তো নাম শীতের কাল
শেয়াল পণ্ডিত জানে,
নিশি-রাতে করে হুক্কাহুয়া
শুনেছিস ডাক কানে!
