বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ২০১৬ সালে প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুসারে ১ম নিয়োগ চক্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি বিষয়ের সহকারী শিক্ষক পদে যোগ দিয়ে ৩৪৪ জন শিক্ষক নিয়মিত পাঠদান করলেও এমপিওভুক্ত হতে পারছেন না তারা। এনটিআরসিএ’র ২০১৬ সালে প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুসারে ১ম নিয়োগ চক্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সহকারী শিক্ষক পদে ৬ মাসের ডিপ্লোমা প্রশিক্ষণ সনদ নিয়ে এনটিআরসিএর সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন ১ হাজার ৪৭ জন প্রার্থী। এদের মধ্যে নিয়োগ পেয়েছিলেন ৩৪৪জন শিক্ষক। এসব সুপারপ্রাপ্ত শিক্ষকদের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাউশি’র মহাপরিচালক ও এনটিআরসিএর চেয়ারম্যানের কাছে এসব তথ্য চাওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্র এসব তথ্য জানা গেছে।
এনটিআরসিএ ও শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালে প্রকাশিত এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি অনুসারে ১ম নিয়োগ চক্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সহকারী শিক্ষক পদে এনটিআরসিএর সুপারিশ পাওয়া শিক্ষকদের নাম, যোগদানের তারিখ ও যোগদানের করা শিক্ষা প্রতিষ্ঠানের নামের তালিকা পাঠাতে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও এনটিআরসিএর চেয়ারম্যানকে।
সুত্রের তথ্যমতে, ২০১৬ সালে প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুসারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সহকারী শিক্ষক পদে যোগ দিয়ে নিয়মিত পাঠদান করা ৩৪৪ জন শিক্ষকের এমপিওভুক্তির জটিলতা নিরসনে বিদায়ী বছরের ১৮ এপ্রিল অধিদপ্তরগুলোতে চিঠি পাঠিয়েছিল এনটিআরসিএ।
এনটিআরসিএ’র সূত্র জানায়, ২০১৬ সালে এনটিআরসিএ প্রকাশিত শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি অনুসারে আবেদন করেছিলেন অনেক প্রার্থী। কিন্তু আইনি জটিলতায় আটকে যায় তাদের নিয়োগ সুপারিশ। জটিলতা নিরসন হলে গত বছরের ডিসেম্বরে ১ হাজার ৯৫ জনকে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করে এনটিআরসিএ। এর মধ্যে ১০৪৭ জনকে সুপারিশপত্র দেয়া হয়। তবে তাদের মধ্য থেকে ৩৪৪ জন প্রার্থী বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ের সহকারী শিক্ষক পদে যোগদান করেন বলে জানা গেছে। তারা ৬ মাসের ডিপ্লোমা ডিগ্রি নিয়ে কম্পিউটার বিষয়ের সহকারী শিক্ষক পদে যোগদান করেছেন। ২০১০ খ্রিষ্টাব্দে জারি করা এমপিও নীতিমালা ও জনবল কাঠামোতে ৬ মাসের ডিপ্লোমায় কম্পিউটার শিক্ষক পদে যোগদানের সুযোগ ছিল। কিন্তু ২০১৮ খ্রিষ্টাব্দের জারি করা হয় নতুন এমপিও নীতিমালা ও জনবল কাঠামো। নতুন সেই এমপিও নীতিমালায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-কম্পিউটার সায়েন্স বা সমমান শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে। এতে সৃষ্টি হয়েছে জটিলতা। এ জটিলতা নিরসনে অধিদপ্তরগুলোতে চিঠি পাঠিয়েছিল এনটিআরসিএ।
এদিকে অধিদপ্তরে পাঠানো চিঠিগুলোতে, মামলার রায়ের শিক্ষাগত যোগ্যতার প্রেক্ষিতে ২০১৬ সালের সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের বেলায় ৬ মাসের প্রশিক্ষণের পূর্বের নীতি অনুসরণ করার জন্য অর্থাৎ মামলার রায়ের মতে কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ করেছিল এনটিআরসিএ।
উল্লেখ্য, এমপিওভুক্তির দাবি জানিয়ে এরই মধ্যে কয়েকধাপে মানববন্ধন বিক্ষোভ করেছে ২০১৮ সালে ডিসেম্বরে নিয়োগের সুপারিশ পাওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ৩৪৪ সহকারী শিক্ষক।
