নিজস্ব সংবাদদাতা, রাজশাহী; করোনাভাইরাস পরিস্থিতিতে চাপ কমাতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ৩৩ জন কয়েদির সাজা মওকুফ করে দিয়েছে সরকার। ইতোমধ্যে ১৭ জনকে কারাগার থেকে ছেড়ে দেয়া হয়েছে।

আজ রবিবার (০৩ মে ২০২০) রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মুক্তি পাওয়া ব্যক্তিরা লঘু অপরাধে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত। কারাগারের ভিড় কমাতে সরকার এসব কয়েদির সাজা মওকুফ করেছে বলে জানিয়েছে রাজশাহী কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে কারাগারগুলোতে ভিড় কমাতে সরকার লঘু অপরাধে সাজাপ্রাপ্তদের সাজা মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে। এ রকম বন্দিদের তালিকা কিছুদিন আগে কারা অধিদফতর আমাদের কাছ থেকে নিয়েছিল।

তিনি বলেন, প্রথম পর্যায়ে রাজশাহীর ৩৩ জন কয়েদিকে ছেড়ে দেয়ার জন্য শনিবার (০২ মে) চিঠি পেয়েছি। যাদের কারাদণ্ডের মেয়াদ এক বছর কিন্তু ছয়মাস বা তারও বেশি সাজা খেটেছেন এ রকম কয়েদিদের সাজা মওকুফ করা হয়েছে। ৩৩ জনের মধ্যে শনিবার সন্ধ্যায় ১৭ জনকে ছেড়ে দেয়া হয়েছে। বাকিরাও চলে যাবেন দু’একদিনের মধ্যে। যে মামলায় সাজা হয়েছিল সে মামলায় তাদের আর কারাগারে যাওয়া লাগবে না।

 রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ধারণক্ষমতা এক হাজার ৪৫০ জনের। কিন্তু রোববার এই কারাগারে হাজতি এবং কয়েদি মিলিয়ে বন্দীর সংখ্যা তিন হাজার ৬১০ জন। করোনাভাইরাস পরিস্থিতিতে ঝুঁকি কমাতে আরও দুই দফায় এখান থেকে বন্দিদের মুক্তি দেয়া হবে বলে জানায় কারা কর্তৃপক্ষ।

উল্লেখ্য, করোনায় প্রভাব থেকে মুক্তিপেতে  লঘু দণ্ডে দণ্ডিত মুক্তির তালিকাভুক্ত ২ হাজার ৮৮৪ জনের মধ্যে গতকাল শবিবার (০২ মে ২০২০) প্রথম দিনে সারা দেশে মোট ১৭০ কয়েদিকে মুক্তি দেয়া হয়েছে।

আমাদের বাণী ডট কম/০৩ মে ২০২০/সিসিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।