নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর; জেলায় করোনা আক্রান্ত ইমামের সংস্পর্শে আসা আরও ১ জনসহ রাজৈরে একই গ্রামে আক্রান্ত ১৩ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৮জনে।
রবিয়ার (১৭ মে ২০২০) নতুন শনাক্ত হওয়া ওই ব্যক্তি ৫৫ বছরের এক বৃদ্ধ। এছাড়াও রবিবার শিবচরের একজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছে জেলা ও রাজৈর উপজেলা স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রাজৈরে ইমামের সংস্পর্শে আসা মুসল্লিদের মধ্যে প্রথমে ১৯ জনের নমুনা ৫মে সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। নমুনার ওই রিপোর্টে ৬ জনের করোনা শনাক্ত হয়। ২য় পর্যায়ে গত ৬ মে আরও ১২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
তাদের মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়। ৩য় পর্যায়ে ৪০ জনের নমুনা পাঠানোর পর ৮৫ বছরের এক বৃদ্ধসহ আরও ২ নারীর শরীরে করোনা শনাক্তের রিপোর্ট আসে। ৪র্থ পর্যায়ে ১৮ জনের নমুনা ঢাকায় পাঠানো হয় এ রিপোর্টে ৫৫ বছরের এক বৃদ্ধের করোনা শনাক্ত হয়।
করোনা আক্রান্ত ইমাম দীর্ঘ দিন ধরে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের ২৫নং মধ্যলুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদে ইমামতি করে আসছিলেন। তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তিনি স্বেচ্ছায় ফরিদপুর গিয়ে নমুনা পরীক্ষা করালে তার রিপোর্ট পজেটিভ আসে। ওই ইমামের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারীতে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ চন্দ্র মন্ডল বলেন, “৪র্থ পর্যায়ে ১৮ জনের নমুনা ঢাকায় পাঠানোর পর রবিবার ৫৫ বছরের এক বৃদ্ধের করোনা শনাক্তের রিপোর্ট পাওয়া গেছে। আমাদের হাসপাতালে পর্যাপ্ত আইসোলেশন রুম না থাকায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ইমামের সংস্পর্শে আসা একই গ্রামের বাসিন্দা। এ নিয়ে রাজৈরে একই গ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩জনে এবং রাজৈর উপজেলায় এ পর্যন্ত ২২জন। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ৭ জন।”
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৭ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় আট হাজার ১১৪টি নমুনা পরীক্ষা করে এক হাজার ২৭৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৬৮ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৪ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩২৮ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৫৬ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৩৭৩ জন। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ১৩ জন ও নারী একজন। এদের মধ্যে ঢাকা বিভাগের ৯ জন ও চট্টগ্রাম বিভাগের পাঁচজন। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা সিটির আছেন পাঁচজন। তাদের বয়স বিশ্লেষণে ১১-২০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ একজন, ৫১-৬০ তিনজন, ৬১-৭০ তিনজন, ৭১-৮০ তিনজন ও ৮১-৯০ বছরের মধ্যে একজন।
আমাদের বাণী ডট কম/১৭ মে ২০২০/ডিএ
