কিশোর গ্যাং কালচার প্রতিরোধে হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে বিভিন্ন কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শতাধিক কিশোরকে আটক করা হয়। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকাল থেকে পরিচালিত এই অভিযানে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে হাতিরঝিল থানার পুলিশ।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, আমাদের কাছে তথ্য ছিল হাতিরঝিল এলাকার বিভিন্ন স্পটে বসে কিশোররা নেশা এবং ঘুরতে আসা মানুষদের উত্ত্যক্ত করে। এছাড়া কিশোরদের বিরুদ্ধে চুরি, ছিনতাইয়ের মতো অভিযোগও পাওয়া গেছে। আমরা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এই অভিযানটি পরিচালনা করেছি।

ডিএমপি তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজ আল ফারুক  বলেন, বিভিন্ন সময়ে হাতিরঝিলে এসে মানুষজন ছিনতাই, ইভটিজিংসহ নানা ধরনের অপরাধের শিকার হন। অধিকাংশের অভিযোগ ছিল, হাতিরঝিল এলাকার কিশোরদের বিরুদ্ধে। এছাড়া ৯৯৯-এ সাধারণ মানুষের অভিযোগ, থানা ও ডিসি অফিসে অভিযোগ এবং আমাদের গোয়েন্দা নজরদারির পর আজ পুরো হাতিরঝিল এলাকাজুড়ে অভিযান চালানো হয়। কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহভাজন শতাধিক কিশোরকে বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে। এখন তাদের বিরুদ্ধে অভিযোগের যাচাই-বাছাই চলছে। সূত্র; বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।