জিকরুল হক, সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা; নীলফামারী র সৈয়দপুরে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার গ্রেফতারকৃত আসামী রাশেলের (১৬) গতকাল রবিবার নীলফামারীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
ধৃত ওই কিশোর ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে ঘটনার কথা স্বীকার করেছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (দারোগা) লক্ষ্মী নারায়ণ চন্দ্র জানিয়েছেন।
পুলিশের দেয়া তথ্য মতে, গত ১১ ফেব্রুয়ারি দুপুর বেলা ধর্ষিতা ওই শিশু স্কুলের ছুটি শেষে বাড়ি ফিরছিল। এ সময় ধর্ষক রাসেল শিশুটিকে চকোলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে রাস্তার পাশে নির্মাণাধীন একটি কক্ষে নিয়ে যায়। তারপর সেখানে শিশুটির হাতমুখ চেপে ধরে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটি অসুস্থ হয়ে পড়লে ঘঁনাটি ফাঁস হয়ে যায়। পরে তা স্থানীয় সালিশ বৈঠকে আপোষ চেষ্টা চালায় ধর্ষকের পরিবার। কিন্তু আপোষ চেষ্টা ব্যর্থ হলে ১৪ ফেব্রুয়ারি রাতে মামলা হয়। পুলিশ শনিবার রাতে ধর্ষক রাশেলকে গ্রেফতার করে।
গতকাল রবিবার ধর্ষককে আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হয়। ধর্ষকের বাড়ি শহরের কয়া গোলাহাট এলাকার বসুনিয়া পাড়ায়। তার বাবার নাম শহিদুল ইসলাম বলে জানা গেছে।
