স্বপ্নে মানুষ
মোঃ জসিম উদ্দীন

আম্মা বলেন স্বপ্নে আজ
দেখেছি আমি খোকা,
ডাক্তার হয়ে করবে সেবা
দেবে না কাউকে ধোকা।

আব্বা বলেন সেই তো কবে
দেখেছি আমি তোমায়,
ঘুমের ঘরে শিক্ষক ব্রত
থামনি দাঁড়ি কমায়।

দাদা বলেন প্রকৌশলী
দাদি বলেন পুলিশ,
চাচা বলেন আমলা হবে
চাচি শিল্পী শুনিস।

আমার স্বপ্ন কেউ দেখেনি
কি হবো আমি বেঁচে,
হাজারো স্বপ্ন দেখেছে তাঁরা
এনেছিল জল ছেঁচে।

মুক্ত গগনে উড়বো আমি
পাখির ডানা মেলে,
পাহাড় চূড়ায় দেখব প্রকৃতি
দুরন্ত সাহসী ছেলে।

কিছুই হতে চাই না আমি
চাই না রঙিন ফানুস,
কাকতন্দ্রায় দেখেছি স্বপ্ন
আমি যে হবো মানুষ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।