নিজস্ব সংবাদদাতা, ঢাকা; নতুন করে আরও দুইটি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। পিরোজপুরের মঠবাড়িয়ার ডা. রুস্তম আলী ফারাজী ডিগ্রি কলেজটি ডিগ্রি পর্যায়ে এবং চট্টগ্রামের লোহাগড়া উপজেলার বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয় মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্ত করা হয়েছে।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত পৃথক আদেশে এ তথ্য জানা যায়।
এর আগে গত ১৪ নভেম্বর মানিকগঞ্জ সদর উপজেলার রমজান আলী কলেজটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্ত করা হয়েছিল। আর গত ১২ নভেম্বর আরও ছয় শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে শিক্ষা মন্ত্রণালয়। আর গত ২৩ অক্টোবর এমপিওভুক্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ২ হাজার ৭৩০টি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ২৩ ও ২৪ ফেব্রুয়ারির তারিখে জারি করা আদেশে পিরোজপুরের মঠবাড়িয়ার ডা. রুস্তম আলী ফারাজী ডিগ্রি কলেজটি ডিগ্রি পর্যায়ে এবং চট্টগ্রামের লোহাগড়া উপজেলার বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয় মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠান দুইটির যোগ্য শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির কার্যক্রম মন্ত্রণালয় থেকে জারি করা বিধি-বিধানের আলোকে সম্পন্ন হবে।
প্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রচলিত শর্তগুলো হল, শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল-কলেজের এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী হবে। তবে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়োগকালীন বিধি-বিধান সংশ্লিষ্ট পরিপত্র মোতাবেক প্রযোজ্য হবে। আর প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী কাম্য যোগ্যতা বজায় রাখতে ব্যর্থ হলে এমপিও স্থগিত করা হবে।
আমাদের বাণী ডট কম/০১ মার্চ ২০২০/পিএ
