আশুক আহমদ;  দক্ষিণ ভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র জাকারিয়া আহমদ এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.০৬ পেয়েছে। দশবছর পরিশ্রম করার ফল আজ সে পেল। তার মা বাবার প্রথম সন্তান আজ জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করেছে। আজ তার মা বাবার বাধভাঙ্গা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করার কথা ছিল। সে আজ তার সহপাঠীদের মতো হাত উপরে উঠিয়ে ‘V’ চিহ্ন দেখাতো।

  • বিধিনিষেধ থাকা সত্ত্বেও সহপাঠীদের সাথে আসত শিক্ষকমন্ডলীর আশির্বাদ নিতে, ফোন দিয়ে তার আত্মীয়স্বজনের কাছে সুসংবাদটি সগর্বে জানাতে দেরি করতো না। ফেসবুকে তার নিজের ছবি দিয়ে স্ট্যাটাস দিত হয়তো এভাবে “আলহামদুলিল্লাহ শিক্ষকমন্ডলী ও মা বাবার পরিশ্রম এবং সকলের দোয়ায় আমি এস এস সি পরীক্ষায় জিপিএ ৪.০৬ পেয়েছি”। তাকে সঙ্গে নিয়ে তাদের পরিবারের সদস্যরা মিষ্টিমুখ করতো, প্রতিবেশী হিসেবে আমিও তার ভাগ হয়তো পেতাম। সবাই বলতো ছেলে যেমন ভদ্র, মেধাবী ফলাফল ও তেমন ভাল। তার মা বাবা পরিবার পরিজন তাকে নিয়ে আনন্দে মাতোয়ারা থাকত। স্বপ্ন দেখত কলেজে ভর্তি হওয়ার। তার অস্বচ্ছল পিতা আনন্দের মধ্যে ভাবতেন কিভাবে কলেজে ভর্তি করা যায়, সাথে সাথে প্রচেষ্টা শুরু করে দিতেন।

আজকের এ দিনটি তার ও তার মা বাবার জন্য আনন্দ প্রকাশের এক বিশেষ দিন হয়ে স্মৃতির ডাইরিতে স্বর্ণাক্ষরে লেখা থাকার কথা ছিল। কিন্তু আজকের দিন তাদের কাছে সবচেয়ে বেদনাদায়ক দিনের স্মারক হয়ে স্মৃতির ডাইরিতে স্থান দখল করবে।

  • সদ্য গত হওয়া রমজান মাসের ইফতার পর্বশেষ করে জাকারিয়া তার নিকট আত্মীয়ের কাছে পাওনা টাকা চাইতে গিয়ে নির্মমভাবে খুন হয় মেধাবী ছাত্র জাকারিয়া আহমদ। সে তার পিতামাতার প্রথম সন্তান। মা বাবা তাকে নিয়ে নিশ্চয় অনেক স্বপ্ন দেখতেন, তাইতো তাকে আর্থিক স্বচ্ছতা না থাকা সত্ত্বেও কষ্ট করে বিজ্ঞান বিভাগে লেখাপড়া করিয়েছিলেন। কিন্তু ঘাতকের ছুরি তাদের স্বপ্ন ছিন্নভিন্ন করে দিল।

জাকারিয়া এ জগতে ভাল রেজাল্ট করেছে। পরকালের ফলাফল ও ইনশা আল্লাহ ভাল হবে। কারণ তার আচরণে কেউ অসন্তোষ প্রকাশ করেন নি, সে তার ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে মারা গেছে, ওইদিন ছিল শুক্রবার পবিত্র একদিন সর্বোপরি সে রমজান মাসে এ দুনিয়া ত্যাগ করে।

  • আল্লাহ এ ছেলেটাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন এবং তার পিতামাতা ও পরিবারের সকলকে সবর করার তাওফিক দিন।

লেখকঃ প্রধান শিক্ষক, দক্ষিণ ভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়, বড়লেখা, মৌলভীবাজার।

আমাদের বাণী ডট কম/৩১  মে ২০২০/সিসিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।