নিজস্ব সংবাদদাতা, যশোর; করোনার ছবলে বিশ্ব থেমে নেই বাংলাদেশও। শুরুতে প্রবাসীদের মধ্যে থাকলেও এখন ডাক্তার স্বাস্থ্যকর্মী গ্রাম পর্যায়ে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতি ভাইরাসটি। জেলার বেনাপোলে পোর্ট থানার কাগজপুকুর গ্রামে করোনা উপসর্গ নিয়ে সম্প্রতি ভারত থেকে ফেরা ওজিয়ার রহমান (৭০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। করোনাভাইরাসে মৃত্যু সন্দেহে ওই বাড়িতে লাল পতাকা টানিয়ে দিয়েছে গ্রামবাসী।
মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা ভারত থেকে চোরাইপথে দেশে আসার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্টে ভুগে গত বুধবার (২৫ মার্চ ২০২০) দিবাগত রাত ৩টার দিকে তিনি মারা যান। ঘটনাস্থল পরিদর্শন করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আরও পড়ুন; তিন দিনে করোনা উপসর্গ নিয়ে দেশে ৮ জনের মৃত্যু!
এ বিষয়ে এলাকাবাসী জানায়, ওজিয়ারের মেয়ে আম্বিয়া এবং ছেলে তরিকুল ইসলাম দীর্ঘ দিন ধরে ভারতে থাকতেন। কয়েকদিন আগে তারা চোরাইপথে দেশে প্রবেশ করার পর বাড়িতে লুকিয়ে ছিলেন। এক সপ্তাহ পর তাদের বাবার মৃত্যু হওয়ায় ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্থানীয় বেনাপোল পৌর সভার কাউন্সিলর আমিরুল ইসলাম বলেন, ওজিয়ার রহমান একজন বয়োবৃদ্ধ লোক। তার শ্বাসকষ্ট ছিল। তবে তার পরিবারের সদস্যরা ভারত থেকে আসার পর শ্বাসকষ্ট বেশি দেখা দেয়ায় ধারণা করা হচ্ছে, করোনা ভাইরাসে তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় ডাক্তার ইদ্রিস আলী বলেন, গত রাতে রোগীকে সেলাইন ও গ্যাসের ওষুধ দিয়েছিলাম। এ ছাড়া তিনি দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি বার্ধক্য ও হাপানি-কাশিতে মারা যেতে পারেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার শুভাংকর কুমার রায় বলেন, ওজিয়ার রহমান কী রোগে মারা গেছে, এটা এখনও আমরা নিশ্চিত না। আমাদের উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করানো হয়েছে। আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তার শরীরে করোনাভাইরাস আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা না করে বলা যাবে না।
উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ৪ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে দুজন চিকিৎসক। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। এ পর্যন্ত মারা গেছেন পাঁচ জন। আজ শুক্রবার (২৭ মার্চ ২০২০) বেলা ১১টায় স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানান। ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে ১০২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
আমাদের বাণী ডট কম/২৭ মার্চ ২০২০/ডিএ
