নিজস্ব সংবাদদাতা, কুড়িগ্রাম; জেলার  সদর  উপজেলা ত্রাণের দাবিতে গাছেরগুঁড়ি ফেলে কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা।

আজ শনিবার (০৯ মে ২০২০) সকালে উপজেলার র কাঁঠালবাড়ি ইউনিয়নের চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ময়নুল ইসলাম ওই ইউনিয়নের চেয়ারম্যানকে নিয়ে বিক্ষোভ  কারীদের খাদ্য সহায়তার বিষয়ে আশ্বস্ত করতে গেলে স্থানীয়রা তাদের ওপর চড়াও হয়ে ইউএনও’র গাড়ি ভাঙচুর করে। প্রায় তিন থেকে চার শতাধিক নারী-পুরুষ বিক্ষোভে অংশগ্রহণ করে। এ সময় ওই সড়কে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, সদরের কাঠালবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে বারবার তাদের আইডি কার্ডের ফটোকপি নেওয়া হলেও এখন পর্যন্ত তারা কোনো ত্রাণ সহায়তা পাননি। ফলে পরিবার পরিজন নিয়ে না খেতে পেরে তারা রাস্তায় নেমেছেন।

এ বিষয়ে কাঠালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল  জানান, সরকারি বরাদ্দকৃত খাদ্য সহায়তা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিতরণ করার পরেও নারী সদস্য মর্জিনা বেগম তার এলাকার লোকজন দিয়ে এ অবরোধ করেছে। এটি রাজনৈতিক প্রতিহিংসা। সরকারের সুনাম ক্ষুুুণ্ন করার জন্য এ ঘটনা ঘটায় তারা।

সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ময়নুল ইসলাম বলেন, অবরোধের বিষয়টি জানার পর পুলিশসহ ঘটনাস্থলে জনগণের সাথে কথা বলতে গেলে আমার ওপর চড়াও হয়ে গাড়িতে হামলা করে। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়।

 কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, ‘উপজেলা চেয়াম্যান আমান উদ্দীন আহমেদ মনজু ও ইউএনওসহ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ’

উপজেলা চেয়ারম্যান আমান উদ্দীন আহমেদ মঞ্জু বলেন, ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনগণকে ত্রাণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

আমাদের বাণী ডট/০৫ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।