নিজস্ব সংবাদদাতা, খুলনা; জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (০৫ মে ২০২০) রাত সোয়া ১০টার দিকে তিনি মারা যান। মৃত নারীর (৬৫) বাড়ি রূপসা উপজেলার দেয়াড়া গ্রামে। এটা ছিল খুলনায় করোনায় দ্বিতীয় মৃত্যু।

খুলনা করোনা হাসপাতালের চিকিৎসক ডা. শেখ ফরিদউদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার সকাল থেকেই ওই নারীর শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। শ্বাসকষ্টের পাশাপাশি তার ডায়রিয়া ছিল। রাত সোয়া ১০টার দিকে তার মৃত্যু হয়।

করোনা হাসপাতাল সূত্র জানায়, ওই নারী জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ২২ এপ্রিল খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। গত ২৯ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করে ৩০ এপ্রিল তার করোনা পজেটিভ হলে তাকে রাতেই তাকে খুলনা করোনা হাসপাতালে নেয়া হয়। মঙ্গলবার রাতে তিনি মারা যান।

এর আগে গত ২২ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে রূপসা উপজেলার আরেক নারীর মৃত্যু হয়।

 স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৬ মে ২০২০)  তথ্য অনুযায়ী,  করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ৭৭১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ছয় হাজার ২৪১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯৯ হাজার ৬৪৬টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৭৯০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি গতকালের সংখ্যাকে ছাড়িয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭১৯ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও তিনজন। এ নিয়ে মোট ১৮৬ জনের মৃত্যু হয়েছে।

আমাদের বাণী ডট কম/ ০৬ মে ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।