ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসন সংকট সমাধানে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় পূর্বঘোষণা অনুযায়ী উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকতের নেতৃত্বে অন্তত ২০ জন শিক্ষার্থী সেখানে অবস্থান নেন।
বেলা সাড়ে ১০টার দিকে তাদেরকে উপাচার্য বাংলোর প্রধান ফটকের সামনে বসে থাকতে দেখা গেছে। এর আগে তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফটকের সামনেই বসে পড়েন। এ সময় ফটকের সামনে প্রক্টরিয়াল টিমের সদস্যদের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে।
শিক্ষার্থীরা তাদের হাতে বেশ কিছু প্ল্যাকার্ড বহন করেন। তারা লিখেছেন- প্রথম বর্ষে বৈধ সিটের অধিকার চাই, মানি না মানবো না, দাবির লড়াই ছাড়বো না, ছাত্র অধিকার মুক্তি পাক অত্যাচারী নিপাত যাক, থাকার জন্য জায়গা চাই গণরুমে ঠাই নাই।
এর আগে চলতি মাসের প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছিলেনন ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত। এ সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে তিনি নবীন শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের বাসভবনে ওঠার হুমকি দিয়েছিলেন। ওই ঘোষণা অনুযায়ী মঙ্গলবার তিনি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ভিসির বাসভবনে প্রবেশের চেষ্টা করেন।
