সম্মানজনক কাজ, ন্যায্যমজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, ট্রেড ইউনিয়ন অধিকার, গণতান্ত্রিক শ্রম আইন প্রতিষ্ঠা ও ন্যূনতম মজুরি ১৮০০০টাকার দাবিতে গাজীপুর জেলার চান্দনা চৌরাস্তায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের র্যালি, মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকদের নিয়ে লাল পতাকা শোভিত একটি সুসজ্জিত মিছিল চান্দনা চৌরাস্তা পদক্ষিণ করে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে শাপলা ম্যানশনের পাদদেশে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট গাজীপুর জেলার সভাপতি কমরেড আবদুল লতিফ সিদ্দিকীর সভাপত্বিতে কমরেড খাইরুল কবির মিথুনের সঞ্চালনায় একটি পথসভা করা হয়।
উক্ত পথ সভায় বক্তৃতা রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ গাজীপুর জেলার সমন্বয়ক কমরেড রাহাত আহমদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট গাজীপুর জেলার সহ-সভাপতি কমরেড মোশারফ, বাসদ কোণাবাড়ি শাখার আহ্বায়ক কমরেড আব্দুল মাজেদ, বাসন শাখার বাসদের আহ্বায়ক কমরেড আল-আমিন শ্রাবণ।
পথসভায় বক্তারা বলেন, গাজীপুর একটি শিল্প নগরী। উক্ত নগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন মিল-ফ্যাক্টরিতে হাজার হাজার শ্রমিক কর্মরত আছে। তারা কি তাদের ন্যায্য মজুরিসহ অন্যান্য অধিকার ভোগ করতে পারছে? একটানা সারাদিন কাজ করা,কাজের ফাঁকে পর্যাপ্ত বিশ্রামের অভাব ও সুষম খাদ্যের অভাবে পুষ্টিহীনতা, লিভার ও কিডনিসহ নানান শারীরিক সমস্যায় পতিত হচ্ছে। চিকিৎসার জন্য গেলে সারা মাসের বেতন একদিনেই খরচ হয়ে যায়। টাকার অভাবে সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পেয়ে তারা দারিদ্র্যের দুষ্টুচক্রে তিলে তিলে ক্ষয় হয়ে যাচ্ছে। এমন অবস্থা থেকে শ্রমিক শ্রেণি আজ মুক্তি চায়, বাঁচার মতো বাঁচতে চায়। বক্তারা মহান মে দিবসের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মালিক শ্রেণির বিরুদ্ধে আন্দোলনের আহ্বান জানিয়ে পথসভা সমাপ্ত করেন।
[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]
