জমকালো আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ৫ম বর্ষপূর্তি উৎযাপিত হয়েছে। শনিবার কর্মসূচীর শুরুতে সকাল ১০.০০ টায় গুইমারা মডেল হাই স্কুল থেকে এক বিশাল আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। এরপর পর্যায়ক্রমে আলোচনা সভা, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরনের কর্মসূচির মাধ্যমে ১ম সেশনের কর্মসূচি সমাপ্ত করা হয়। ২য় সেশনে বিকালে এক প্রীতি ফুটবল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠানের অায়োজন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদ এর সভাপতিত্বে আলোচনা পর্বের স্বাগত বক্তব্য রাখেন গুইমারা সদর ইউনিয়নের চেয়ারম্যান মেমং মারমা। প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে ঊপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিস ঝর্না ত্রিপুরা, গুইমারা থানা ইনচার্জ বিদ্যুত বড়ুয়া সহ আরো অনেকে।
প্রধান অতিথি তার বক্তব্যে গুইমারাকে উপজেলা হিসেবে ঘোষনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন কাউকে পিছনে ফেলে নয়, সবাইকে সাথে নিয়েই উন্নয়নের ধারা অব্যহত রাখতে চায় সরকার। সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি গুইমারাকে যারা উপজেলা হিসেবে পাওয়ার জন্য নিরলস শ্রম দিয়ে গেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপজেলা ভবন নির্মান সহ উপজেলার সকল কার্যক্রম অতিশীঘ্রই চালু করা হবে বলে আশ্বাস প্রদান করেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সম্পর্কিত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১০৯তম সভায় খাগড়াছড়ির রামগড় উপজেলার হাফছড়ি, মহালছড়ির সিন্দুকছড়ি ও মাটিরাঙ্গার গুইমারা ইউনিয়নকে নিয়ে ‘গুইমারা উপজেলা’ ঘোষণা করা হয়। এরপর ৪ সেপ্টেম্বর গেজেট প্রকাশ হওয়ার পর একই বছরের ৩০ নভেম্বর গুইমারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে গুইমারা উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
