পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য কেনা হচ্ছে ১৪০টি এসইউভি (জিপ) আর ৬৫০টি ডাবল কেবিন পিকআপ। মোট ৭৯০টি গাড়ি কেনায় সরকারের ব্যয় হবে ৪০৭ কোটি ৯০ লাখ ৫০ হাজার টাকা। ১২৬ কোটি টাকা ব্যয়ে এসইউভি (জিপ) গাড়ি সরবরাহ করবে সরকারি প্রতিষ্ঠান প্রগতি। প্রতিটি জিপের দাম পড়বে ৯০ লাখ টাকা। আর ৬৫০টি ডাবল কেবিন পিকআপ ক্রয়ে ব্যয় হবে ২৮১ কোটি ৯০ লাখ ৫০ হাজার টাকা। এসব গাড়ি সরবারাহ করবে র‌্যাংগস লিমিটেড। প্রতিটি পিকআপের দাম পড়বে ৪৩ লাখ ৩৭ হাজার টাকা।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সংক্রান্ত দুটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। কমিটির আহ্ববায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের বাইরে থাকায় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বৈঠকে সভাপতিত্ব করেন। এতে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেন, ‘চলতি ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি জন্য বিভিন্ন প্রকার যানবাহন ও যন্ত্রপাতি ক্রয় শীর্ষক প্রকল্পের আওতায় অপারেশনের কাজে ব্যবহারের জন্য ১৪০টি এসইউভি (জিপ) ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। সীমিত জনবল, লজিস্টিকস এবং যন্ত্রপাতি নিয়ে বাংলাদেশ পুলিশ গত কয়েক বছরে সন্ত্রাসীগোষ্ঠীর বিরুদ্ধে প্রায় প্রতিটি অপারেশনে সফলতা অর্জন করেছে। এসব অপারেশন জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।