তিস্তার পানি পাওয়ার বিষয়ে আবারো আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। কলকাতায় গতকাল শুক্রবার নবম বাংলাদেশ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
গতকাল কলকাতার রবীন্দ্র সদনের কাছে ঐতিহ্যবাহী মোহরকুণ্ড প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে নবম বাংলাদেশ বইমেলার উদ্বোধন করেন বাংলার বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এ কারণেই তিস্তার পানি পাওয়ার আগেই ফেনী নদীর পানি ছেড়ে দেয়া হয়েছে। তিনি আরো বলেন, দুই দেশের সম্পর্ক চিরকালই অতি নিবিড়। সামনেই ভারতের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন কলকাতায়।
কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত-বাংলাদেশের দিন-রাতের টেস্ট ম্যাচের মঞ্চে ভারতের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে থাকবেন তিনি। তাদের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। অপর দিকে এদিন পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ বলেন, সাহিত্য ও ভাষা জাতি ও দেশ গঠন করে। ইতিহাস সৃষ্টি করে। এর মাধ্যমেই অজ্ঞানতা দূর হবে।
বাংলাদেশের সাড়ে চার হাজারেরও বেশি বই এবারের বইমেলায় স্থান পেয়েছে। ৬০টি স্টলে বাংলাদেশের ৮০টি সরকারি ও বেসরকারি প্রকাশনা সংস্থার এসব বই পাওয়া যাবে।
