নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ; জেলার বন্দরের এক নারী গত সোমবার  (৩০ মার্চ ২০২০) রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষায় জানা যায়, ৪৫ বছর বয়সী ওই নারী করোনায় আক্রান্ত ছিলেন।

গতকাল বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২০) তার করোনার রিপোর্ট পজিটিভ আসায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৩নং ওয়ার্ডের রসুলবাগ এলাকা লকডাউন করেছে প্রশাসন।

জেলার  বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্প্রতি ৪৫ বছর বয়সী ওই নারী অসুস্থ হন। পরে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। ৩০ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সেদিনই তাকে নিজ এলাকায় দাফন করা হয়। এর আগে তার নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহের পরীক্ষা শেষে বৃহস্পতিবার তার করোনার পজেটিভ রিপোর্ট ধরা পড়ে।

এ খবর জানার পর রাতেই ঘটনাস্থলে ছুটে যান সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ, বন্দরের ইউএনও শুক্লা সরকারসহ প্রশাসনের কর্মকর্তারা।

বন্দর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার বলেন, ঘটনা জানার পর রাতেই প্রশাসন ও পুলিশ সেখানে উপস্থিত হন। রাতেই বন্দরের ২৩নং ওয়ার্ডের রসুলবাগ এলাকার জামাল সোপ কারখানা থেকে রসুলবাগ মোড় পর্যন্ত সড়কটি লক ডাউন করে দেওয়া হয়েছে। ফলে এ সড়কের দুই পাশে সবকিছু বন্ধ থাকবে।

কোনো লোকজন বাড়ি থেকে বের হতে পারবে না। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা। আজ শুক্রবার ওই নারীর পরিবার ও আশেপাশের লোকজনের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ।

আমাদের বাণী ডট কম/০৩ এপ্রিল ২০২০/পিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।