নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ; মহামারী করোনাভাইরাস সংক্রমণ রোধে হবিগঞ্জ জেলাকে ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২০) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
লক ডাউনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণের সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. আবু জাহির, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা, সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মঙ্গলবার সম্পূর্ণ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। করোনার কারণে সৃষ্ট সংকট পরিস্থিতি মোকাবিলায় এ জেলার গ্রামে গ্রামে ত্রাণ বিতরণের পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
এদিকে, গত দু’দিনে হবিগঞ্জ থেকে করোনা সন্দেহ ৮৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর আগে ৩১ জনের নমুনা পরীক্ষায় মেলেনি করোনা ভাইরাস। এছাড়া হবিগঞ্জে হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে ৯০ জনের। এখনো রয়েছেন ১১৪ জন। বর্তমানে আইসোলেশনে দু’জন এবং ছাড়পত্র পেয়েছেন ১০ জন।
উল্লেখ্য, বিশ্বব্যাপী দাবানলের মত ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় ৭৯২ টি নমুনা সংগ্রহ করা হয়েছে যার ৪১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে। নতুন করে আরও ৫ জন মারা গেছেন এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৭ জনে। নতুন আক্রান্ত ৪১ জনের মধ্যে ঢাকার ২০ জন, নারায়ণগঞ্জের ১৫ জন, কুমিল্লায় ১ জন ও চট্টগ্রামে ১ জন এবং কেরানীগঞ্জে ১ জন। গতকাল মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২০) দুপুর ২ টায় স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এর পরিচালক ডা. মরজাদী সেব্রিনা ফ্লোরা একথা বলেন।
আমাদের বাণী ডট কম/০৭ এপ্রিল ২০২০/পিপিএ
