নিজস্ব সংবাদদাতা, বরগুনা; জেলায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে জায়েদা (৪০) নামের এক নারী মৃত্যুবরণ করেছেন। নিহত ওই নারী সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের ছোট লবণগোলার বাসিন্দা।

আজ বুধবার (০৬ মে ২০২০)  সকাল সাড়ে ৮টার দিকে গাছের ডাল তুলতে গিয়ে তিনি নিহত হন। বরগুনা সদর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির হোসেন মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আবির হোসেন মোহাম্মদ বলেন, সকাল সাড়ে ৮টার দিকে গাছের ডাল তুলতে গিয়ে বজ্রপাতে জায়েদা ঘটনাস্থলেই নিহত হন। এসময় মোমেনা ও দুলু নামে আরো দুইজন আহত হয়েছেন। গুরুতর আহত মোমেনাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, ঝড়ের তাণ্ডবে সদর উপজলার বুড়িচর, নলটোনা, নিশানবাড়িয়া এম বালিয়াতলি, বদরখালি এলাকার শতাধিক বাড়ি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও পাথরঘাটা উপজেলার সদর, চরদুয়ানি, কাঠালতলি, কালমেঘা কাকচিড়া ইউনিয়নে প্রায় দেড় শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। ওইসব এলাকার ক্ষতিগ্রস্থদের খোঁজ নিচ্ছে জেলা প্রশাসন। তাদের যথাসম্ভব সহায়তা করা হবে।

আমাদের বাণী ডট কম/ ০৬ মে ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।