অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা; জেলার বালিয়াকান্দিতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২০) সকালে উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলনের পর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ ওবায়েদুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মোঃ হান্নান মোল্লা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর মতিন ফেরদৌস, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির এক গৌরবজ্জ্বল অধ্যায়। সর্বস্তরের মানুষ দিবসটি স্বতঃস্ফুত ভাবে পালন করে থাকে।
কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে সরকারি নির্দেশনার কারনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, দোয়া, মসজিদ, মন্দিরে বিশেষ মোনাজাত এবং প্রার্থনার মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়। তবে করোনা ভাইরাসে আতংকিত না হয়ে সচেতন হওয়ার আহবান জানান সবাইকে।
আমাদের বাণী ডট কম/২৬ মার্চ ২০২০/টিএ
