বগুড়া সংবাদদাতা; জেলায় গত ২৪ ঘণ্টায় ডাক্তার, পুলিশ, স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক দিনে এটাই সর্বোচ্চ আক্রান্ত। এনিয়ে বগুড়ায় এখন পযর্যন্ত মোট আক্রান্ত ১১৩৫ জন। সুস্থ হয়েছেন ৮৫ জন এবং করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন।
গতকাল বৃহস্পতিবার (১১ জুন ২০২০) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান। নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৫৮ জন, নারী ৩০ জন ও ১০ শিশু রয়েছে।
- তিনি জানান, বৃহস্পতিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাওয়া ১৮৮টি নমুনা পরীক্ষার ফলে বগুড়ার ৬৫ জন ও টিএমএসএস মেডিকেল কলেজ থেকে পাওয়া ৭০টির ফলে ৩৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে বগুড়া সদরে ৫৬ জন, সারিয়াকান্দিতে ২২ জন, আদমদীঘিতে পাঁচজন, কাহালুতে চারজন, শিবগঞ্জে চারজন, শাজাহানপুরে দুইজন, গাবতলীতে দুইজন, ধুনটে দুইজন এবং শেরপুরে একজন। এদের মধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্য রয়েছেন।
এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১১ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ১১৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৭৭২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ৫৭ হাজার ৩৩২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ১৮৭ জনের মধ্যে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৮ হাজার ৫২ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। আগের দিনও সমানসংখ্যক রোগীর মৃত্যু হয়েছিল। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৪৯ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪৮ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৬ হাজার ৭৪৮ জন।
