শেখ মামুন, রাজবাড়ী জেলা সংবাদদাতা;  জেলার গোয়ালন্দ উপজেলায় করোনা আক্রান্ত হয়ে নিহত এক গৃহবধূর লাশ দাফনে বাঁধা দিয়েছে স্থানীয়রা এমনকি ঐ গৃহবধূর স্বামী দেবর ও ননদকে তাদের নিজ বাড়ীতেও উঠতে দেয়নি এলাকাবাসী। স্থানীয়দের আপত্তির মুখে ঐ গৃহবধূকে তাঁর বাবার বাড়ী পার্শ্ববর্তী জেলা ফরিদপুরে দাফন করা হয়।

ঘটনা ঘটে গতকাল সোমবার (০৪ মে ২০২০) উপজেলার আলম চৌধরী পাড়ায়।

খোঁজ নিয়ে জানা গেছে, গত এপ্রিলেকরোনায় আক্রান্ত হন তিনি। গত ১৭ এপ্রিলে স্বামীর বাড়িতে অবস্থানের সময়ে জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে তিনি ফরিদপুর হাসাপাতালে ভর্তি হন। সেখানে তার পরীক্ষায় করোনা পজেটিভ হলে গত ২০ এপ্রিল তার স্বামী ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার (০৩ মে ২০২০) রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় মারা  যান ঐ গৃহবধূ (২৪)। গতকাল সকালে দাফনের জন্য গোয়ালন্দে ঐ গৃহবধূর স্বামীর বাড়ী  আনা হলে স্থানীয়দের বাঁধার সম্মুখীন হয় পরিবারটি। পরে তাঁর বাবার বাড়ি ফরিদপুরের মাছচর ইউনিয়নের দয়ারামপুর গ্রামে নেওয়া হলে  সেখানেও ঘটে একই ঘটনা। স্থানীয়রা প্রবল আপত্তি জানায় তাদের এলাকায় লাশ দাফনে। এলাকাবাসী তো নয়ই, লাশের কাছে আসেননি স্বজনরাও। পরে খবর পেয়ে ফরিদপুরের কোতোয়ালি থানার ওসি মোর্শেদুল আলমের নেতৃত্বে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়।

রাজবাড়ী জেলা সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম জানান, করোনা আক্রান্তে মৃত্যু ওই গৃহবধূর স্বামীর বাড়ি লকডাউন করা হয়েছে।

এ বিষয়ে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম জানান, গৃহবধূ করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে থাকা তার স্বামী, দেবর ও ননদেরা নিজ বাড়িতে ফিরতে পারেনি। রাজবাড়ীর লোকজন তাদের বাড়িতে উঠতে দেয়নি। বাধ্য হয়ে তারা ওই গৃহবধূর বাবার বাড়িতে চলে যান। সেখানেই তারা ছিলেন। যদিও তার বাবার বাড়িটি লকডাউন করা হয়। সেই সময় থেকে তাদের খাদ্য সামগ্রীসহ সব ধরণের সহায়তা করে পুলিশ।

আমাদের বাণী ডট কম/০৫ মে ২০২০/ভিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।