শেখ মামুন, রাজবাড়ী জেলা সংবাদদাতা; জেলায় নতুন করে দুই পুলিশ সদস্যসহ তিন জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট ৬২ জনের করোনা শনাক্ত হল।
- আজ রবিবার (৩১ মে ২০২০) দুপুরে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে জেলার বালিয়াকান্দিতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি জ্বর, কাশি ও গলা ব্যাথায় ভুগছিলেন। নতুন শনাক্তকৃতরা হলেন কালুখালি থানার দুই পুলিশ কনস্টেবল ও রাজবাড়ী সদরের মহাদেবপুর গ্রামের একজন সহ তিন ব্যক্তি আক্রান্ত হয়েছেন।
- সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম জানান, ওই ব্যক্তি জ্বর, কাশি ও গলাব্যাথা নিয়ে গত ২৯ মে বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসা নিয়ে নিজ বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন। শনিবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসাতালে নেয়ার পথেই মৃত্যু হয়। বালিয়াকান্দি স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করেছে। আজ তা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হবে।
এ ছাড়া রাজবাড়ীতে আজ পর্যন্ত ৬২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এখনো রাজবাড়ী সদর হাসাপাতালের আইসোলেশন ওয়ার্ডে ২৩ জন রোগী ভর্তি আছে। বাকিদের হোম আইসোলেশনে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। তবে গত দুই মাসে রাজবাড়ীতে ১৪ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
- এদিকে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (৩১ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১২ হাজার ২২৯টি। নমুনা পরীক্ষা করেছি ১১ হাজার ৮৭৬টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩ লাখ ৮ হাজার ৯৩০টি নমুনা। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৫৪৫ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৪৭ হাজার ১৫৩ জন। শনাক্তের হার ২১ দশমিক ৪৩ শতাংশ।’ গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪০ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৬৫০ জন। সুস্থ হয়েছে ৪০৬ জন। মোট সুস্থ হয়েছে ৯ হাজার ৭৮১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৭৪ শতাংশ।’
আমাদের বাণী ডট কম/৩১ মে ২০২০/সিসিপি
