নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর; জেলার  সদর উপজেলায় ৪৫ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন (প্রতিবন্ধী) এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আবদুল কাদের নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত কাদের সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুলতান আহমেদের ছেলে। তিনি ধর্ষণের শিকার নারীর চেয়ে ১০ বছরের ছোট।

এ ঘটনায় আজ  মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২০)  অভিযুক্ত কাদেরের বড় ভাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবদুল নূর তাকে দুই চড় দিয়ে শাসন করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (০৬ এপ্রিল ২০২০) রাতে কাদের ওই প্রতিবন্ধী নারীকে রাস্তা থেকে ডেকে ঘরে নিয়ে যান। আজ (০৭ এপ্রিল ২০২০)  সকালে ওই নারীকে ঘর থেকে বের করে দেন। এরপর থেকে ওই নারী রাস্তার ওপর দাঁড়িয়ে ঘটনাটি লোকজনকে জানান। পরে স্থানীয় লোকজন কাদেরকে আটক করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম ও থানায় খবর দেন। এ সময় তার ভাই আওয়ামী লীগ নেতা আবদুল নূর এসে তাকে দুই চড় মারেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য তোফায়েল আহম্মদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়েছিলাম। তবে বড় ভাইয়ের চড় খেয়ে কাদের পালিয়ে গেছেন।

দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর শাহ আলম বলেন, ঘটনাটি শুনেছি। মেম্বরকে ঘটনাস্থল পাঠানো হয়েছে। ভুক্তভোগী ওই নারীর পরিবারকে থানায় মামলা করার জন্য পরামর্শ দিয়েছি।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

আমাদের বাণী ডট কম/০৭ এপ্রিল ২০২০/পিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।