নিজস্ব সংবাদদাতা, সাতক্ষীরা; জেলার সদর উপজেলায় প্রাথমিকের এক শিক্ষার্থী প্রতিবেশীর লালসার শিকার হয়েছেন। এ ঘটনায় গতকাল বুধবার (০১ এপ্রিল ২০২০) রাতে ওই স্কুলছাত্রীর ভাই বাদী হয়ে প্রতিবেশী আব্দুস সালামকে (৪৫) অভিযুক্ত করে থানায় মামলা করেছেন।
ওই স্কুলছাত্রীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী ঐ ছাত্রী উপজেলার ফিংড়ি ইউনিয়নের সুলতানপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত আব্দুস সালাম সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের জিফুলবাড়িয়া গ্রামের মৃত. ছদরুদ্দীনের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, প্রতিবেশী আব্দুস সালাম ওই স্কুলছাত্রীর বাড়ির ওপর দিয়ে প্রায়ই যাতায়াত করতেন। এই সুবাদে তার সঙ্গে কথাবার্তা হতো। একপর্যায়ে গত ২৯ মার্চ সকাল ১০টার দিকে ওই স্কুলছাত্রী তাদের বাড়ির পাশে একটি বিলে ঘাস কাটতে যায়। এ সময় আব্দুস সালাম তাকে খাবার খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী আম বাগানে নিয়ে তার হাত-মুখ চেপে ধর্ষণ করেন। ঘটনাটি সাগর নামে এক কিশোর দেখে ফেলে। ঘটনার দুই দিন পর বুধবার বিকেলে সাগর ঘটনাটি ওই স্কুলছাত্রীর ভাইকে জানায়।
সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আব্দুস সালামকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
আমাদের বাণী ডট কম/০২ এপ্রিল ২০২০/পিপিএ
