৭৯ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে ঠাকুরগাঁও জেলার একমাত্র ভারী শিল্প ঠাকুরগাঁও সুগার মিল লি. এর ৬২তম আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মিলের মাড়াই কার্যক্রম চলবে ৬০ দিন। এ বছর আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ৬৫ এবং চিনি উৎপাদনের লক্ষ্যমাত্র ৭ হাজার মেট্রিক টন ধরা হয়েছে।
শুক্রবার বিকাল ৫টায় ডোঙ্গায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে মাড়াই মওসুমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. কে এম কামরুজ্জামান সেলিম।
এ সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান (পিপিএম ) চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সদর দফতরর থেকে আগত মিলের সাবেক এমডি (ব্যবস্থাপনা পরিচালক) মো. সাখাওয়াত হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি সরকার আলাউদ্দিন, চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ ও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী উপস্থিত ছিলেন। মাড়াই মওসুমের উদ্বোধন শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়।
