নিজস্ব সংবাদদাতা, ঢাকা; চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীতি টানা ১২ দিন ধরে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) প্রকল্পের প্রায় কয়েক হাজার শিক্ষক।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ ২০২০) জাতীয় প্রেসক্লাবের সামনে এই অবস্থান করছেন তারা।
আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, তারা চাকরি স্থায়ীকরণের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবেন। এসিটি ঐক্য পরিষদের সভাপতি মো. রুহুল আমিন বলেন, সেকায়েপ প্রকল্পের আওতায় নিয়োগ পাওয়া অতিরিক্ত শ্রেণি শিক্ষক (এসিটি)’র শিক্ষকরা চাকরি স্থায়ীকরণের দাবিতে ১১তম দিনের মতো অবস্থান কর্মসুচি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সকাল-সন্ধ্যা আমাদের অবস্থান কর্মসূচি চলবে।
আরও পড়ুন; টানা পাঁচ দিন ধরে রাজপথে পাঁচ হাজার শিক্ষক!
এ বিষয়ে এসিটি ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মাহিউদ্দিন মাহি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সুপারিশ ও প্রতিবার শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসের পরও গত ২৬ মাস বিনা বেতনে পাঠদান করেও চাকরি স্থায়ী হয়নি। অভিজ্ঞতা ও মাধ্যমিক পর্যায়ে বিশেষ অবদান এবং মানবিক দিক বিবেচনা করে চাকরি স্থায়ীকরণ, বিনাশর্তে দ্রুত এসইডিপি প্রোগ্রামে আমাদের নেয়া হোক। মুজিববর্ষকে সামনে রেখে মহান স্বাধীনতার মাসে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
আমাদের বাণী ডট কম/১০ মার্চ ২০২০/বিসিএ
