নিজস্ব সংবাদদাতা, নীলফামারী; জেলার  কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকের করোনা পজিটিভ হওয়ায় ওই স্বাস্থ্য কমপ্লেক্সসহ পুরো উপজেলার ৯টি ইউনিয়ন লকডাউন ঘোষণা করা হয়েছে।

 আজ  মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২০) বিকেল ৫টার দিকে লকডাউন ঘোষণা করা হয়।

জানা যায়, ওই চিকিৎসকের বাড়ি ঢাকায়। তিনি গত ২৫ মার্চ ছুটিতে ঢাকা গিয়েছিলেন। ৩ এপ্রিল ঢাকা থেকে ফিরে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করছিলেন। এ অবস্থায় তিনি জ্বর, সর্দি, হাঁচি ও কাশিতে আক্রান্ত হয়ে পড়েন।

সংশ্লিষ্ট সূত্র মতে, গতকাল সোমবার (৬ এপ্রিল) নীলফামারীতে করোনা সন্দেহে সাতজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠানো হয়। ওই সাতজনের মধ্যে একজনের পজিটিভ প্রতিবেদন মঙ্গলবার নীলফামারী জেলা স্বাস্থ্য বিভাগে আসে। ওই একজন হলেন, কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা। তাকে উপজেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন বলেন,   আজ  মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২০) বিকেল ৫টার দিকে ওই স্বাস্থ্য কেন্দ্রটি লকডাউন করা হয়েছে। ওই চিকিৎসকের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের চিহ্নিত করার কাজ চলছে এবং স্বাস্থ্য কেন্দ্রে যারা আছেন তাদের কোয়ারেন্টাইন করা হবে। এদিকে এ ঘটনায় প্রশাসন উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটি গ্রাম ও হাটবাজার লকডাউন ঘোষণা করেছে।

উল্লেখ্য, বিশ্বব্যাপী দাবানলের মত ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় ৭৯২ টি নমুনা সংগ্রহ করা হয়েছে যার ৪১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে। নতুন করে আরও ৫ জন মারা গেছেন এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৭ জনে। নতুন আক্রান্ত ৪১ জনের মধ্যে ঢাকার ২০ জন, নারায়ণগঞ্জের ১৫ জন, কুমিল্লায় ১ জন ও চট্টগ্রামে ১ জন এবং কেরানীগঞ্জে ১ জন। আজ মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২০) দুপুর ২ টায় স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এর পরিচালক ডা. মরজাদী সেব্রিনা ফ্লোরা একথা বলেন।

আমাদের বাণী ডট কম/০৭ এপ্রিল ২০২০/পিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।