নিজস্ব সংবাদদাতা, ঢাকা; রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকার একই পরিবারের ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া তাদের প্রতিবেশী আরেক ব্যক্তিও আক্রান্ত হয়েছেন। আক্রান্ত সবাইকে কুয়েত মৈত্রী হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে একই পরিবারের ৬ জনসহ মোট সাতজন আক্রান্ত হওয়ার পর ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

স্থানীয় প্রসাশনের পক্ষ থেকে আক্রান্ত হওয়া ব্যক্তিরা যে ভবনে থাকতেন ওই ভবনসহ মোট ৯টি ভবন লকডাউন করে দেয়া হয়েছে। এছাড়া জিরো গলি নামে একটি গলি লকডাউনের আওতায় আনা হয়েছে। বাড়ানো হয়েছে নজরদারি। আতঙ্করোধে পুলিশ কাজ করছে।

এ বিষয়ে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, দক্ষিণগাঁও এলাকার একটি বাড়িতে শুক্রবার একজন ব্যক্তি আক্রান্ত হন। শনিবারে তার স্ত্রীও আক্রান্ত হন। আর আজকে ওই বাসার বাকী চার সদস্য আক্রান্ত হন। এছাড়া তাদের পাশের ভবনের একজন আক্রান্ত হয়েছেন। পাশাপাশি দুটি বাড়িতে ৭জন আক্রান্ত হওয়াতে ওই এলাকার ৯টি বাড়ি ও একটি গলি পুরোপুরি লকডাউন করে দেয়া হয়েছে।

ওই এলাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে। এই সাত জন আক্রান্ত হওয়ার খবরে এলাকায় এক ধরণের আতঙ্ক দেখা দিয়েছে। প্রশাসন সূত্র জানিয়েছে আক্রান্তরা কিভাবে সংক্রমিত হয়েছেন এবং তারা কাদের সংস্পর্শে গেছেন তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। নতুন করে আরও এক জন মারা গেছেন এ নিয়েনের মৃতের সংখ্যা দাঁড়াল ৯ জনে। আজ রবিবার(০৫ এপ্রিল ২০২০) দুপুর ১২ টায়  স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। এতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ডা. মরজাদী সেব্রিনা ফ্লোরা উপস্থিত ছিলেন।

আমাদের বাণী ডট কম/০৫ এপ্রিল ২০২০/সিভি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।