নিজস্ব সংবাদদাতা, ঢাকা; প্রাণঘাতি করোনার ছবলে বাংলাদেশ। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে নতুন কোন আক্রান্ত নেই । ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৪৮ জনে। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ৪জন। এখন পর্যন্ত আইসোলেশনে আছেন ৪৭ জন।
আজ শনিবার (২৮ মার্চ ২০২০) বেলা ১২টায় স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে ১০৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
ফ্লোরা বলেন, প্রথমদিকে শুধুমাত্র বিদেশ থেকে এসেছেন বা বিদেশফেরত কারো সংস্পর্শে এসেছেন তাদের নমুনাপরীক্ষা করা হতো। কিন্তু এখন যাদের বয়স ৬০বছরের বেশি এবং দীর্ঘমেয়াদি অসুখে ভুগছেন, তাদের কারো মধ্যে লক্ষণ বা উপসর্গ দেখা দিলে পরীক্ষা করা হচ্ছে। এছাড়া যাদের নিউমোনিয়া ছিল, কি কারণে নিউমোনিয়া হচ্ছে তা দেখার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন পেশার লোকজন যারা বিভিন্ন লোকের সংস্পর্শে আসে এমন লোকজনের মধ্যে লক্ষণ ও উপসর্গ দেখা দিলে তাদের পরীক্ষা করা হচ্ছে। এ পরীক্ষার ভিত্তিতে আমরা দেখতে চাই বাংলাদেশের কোথাও কোনো সংক্রমণ ঘটেছে কি-না। ঢাকা থেকে অনেকে গ্রামের বাড়িতে চলে গেছেন সেখানেও যাতে লক্ষণ-উপসর্গ দেখা দিলে তারা যোগাযোগ করতে পারেন সেজন্য জেলা পর্যায়ে হটলাইন চালু রয়েছে।
এদিকে বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত প্রানঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৮৫ জন। অপরদিকে, ২৭ হাজার ৩৬০ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৩৩ হাজার ৩৬০ জন।
এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪ হাজার ১৪২। করোনায় এখন পর্যন্ত মারা গেছে ১ হাজার ৬৯৬ জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ৫২২ জন। এছাড়া ২ হাজার ৪৬৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ইতালিতে। এছাড়া এখন পর্যন্ত ইউরোপের দেশ ইতালিতেই করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৪৯৮। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৯ হাজার ১৩৪ জন এবং হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ হাজার ৯৫০ জন।
আমাদের বাণী ডট কম/২৮ মার্চ ২০২০/ডিএ
