নিজস্ব সংবাদদাতা, মুন্সীগঞ্জ; জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে সর্দি কাশি ও জ্বর নিয়ে সোহরাব হোসেন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার মার্চ ২০২০) ভোরে শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে গ্রামের প্রতিবেশীদের মধ্যে করোনা আতংক ছড়িয়ে পড়েছে। শিশু সোহরাব ওই গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাসলিমা আক্তার জানান, রবিবার (২৯মার্চ ২০২০) দিবাগত গভীর রাত সাড়ে ৩ টার দিকে সর্দি কাশি ও জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় শিশু সোহরাব।
আরও পড়ুন; যশোরে করোনা ওয়ার্ডে শিশুর মৃত্যু, লাশ ফেলে পালালেন স্বজনেরা!
তার শারিরিক অবস্থার অবনতি হলে আজ সোমবার সকালে তাকে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় প্রেরণ করেন। পরে ঢাকায় নেওয়ার পথিমধ্যে অ্যাম্বুলেন্সে ওই শিশু মারা যায়।
এদিকে, শিশু মৃত্যুর খবরে উপজেলার মনাইরকান্দি গ্রামে প্রতিবেশীদের মাঝে করোনা আতংক ছড়িয়ে পড়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, শিশু সোহরাবের বাড়ির পাশে বেশ কয়েকজন বিদেশ ফেরত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এরমধ্যে ওই শিশুর মৃত্যু নিয়ে এক ধরনের আতংক দেখা দিয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৯ জনে এবং মৃতের সংখ্যা ৫। আজ সোমবার (৩০ মার্চ ২০২০) দুপুর ১২টায় মহাখালীতে এমআইএসের সম্মেলন কক্ষ থেকে আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি জানিয়েছেন, এক চিকিৎসক ও নার্সসহ আরও ৪ জন সুস্থ্য হয়েছেন। এর মধ্যে এক জনের বয়স ৮০ এবং দুই জনের বয়স ৬০ এর উপর। এই প্রথম দেশে ষাটোর্ধ কোন ব্যক্তির সুস্থ্য হবার কথা জানালো আইইডিসিআর। সব মিলিয়ে সুস্থ্য হয়েছেন ১৯ জন।
আমাদের বাণী ডট কম/৩০মার্চ ২০২০/ভিএ
