নিজস্ব সংবাদদাতা, ঢাকা; দেশে দুটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের দুই সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এবার এক প্রিন্ট পত্রিকার সাংবাদিকও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। তবে নিরাপত্তার স্বার্থে ঐ সাংবাদিক কোন পত্রিকার তা প্রকাশ করা হয়নি।
নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া এ সাংবাদিক একটি জাতীয় দৈনিকে জ্যেষ্ঠ অপরাধ বিষয়ক প্রতিবেদক হিসেবে কাজ করেন। তিনি পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য।
জানা গেছে, ওই সাংবাদিক দুই সপ্তাহ ধরে সর্দি-কাশি-জ্বরে ভুগছিলেন। এরপর গতকাল বৃহস্পতিবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) নমুনা পরীক্ষা করান। আজ শুক্রবার আইইডিসিআরের পক্ষ থেকে তাকে জানানো হয় যে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। তিনি এখন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। সঙ্গে তার দুই সন্তান ও স্ত্রীও রয়েছেন।
এর আগে গত ৩ এপ্রিল বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্টের এক সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর টেলিভিশনটি তাদের ৪৭ কর্মীকে হোম কোয়ারেন্টিনে পাঠায়।
আর গতকাল বৃহস্পতিবার বেসরকারি টেলিভিশন যমুনা টেলিভিশনের এক সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি ও তার শ্বশুর বর্তমানে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৯৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এর ফলে আজ শুক্রবার পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৪ জনে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ছয়জন। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।
বিশ্বব্যাপী দাবানলের মত ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় টি নমুনা পরীক্ষা ১১৮৪ করে নতুন করে ৯৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২৪ জনে। নতুন করে আরও ৬ জন মারা গেছেন এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ জনে। নতুন করে কেউ সুস্থ্য না হলেও এ পর্যন্ত স্যস্থ্য হয়েছেন ৩৩ জন। আজ শুক্রবার ( ১০ এপ্রিল ২০২০) দুপুর আড়াই টায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এর পরিচালক ডা. মরজাদী সেব্রিনা ফ্লোরা।
আমাদের বাণী ডট কম/১০ এপ্রিল ২০২০/এভিপি
